আপনার অবস্হান : হোম সংক্ষিপ্ত পরিচিতি
বাংলাদেশ ফলিত পুষ্টি ও মানব সম্পদ উন্নয়ন বোর্ড (বাফমাউব) এর সংক্ষিপ্ত পরিচিতি





বাংলাদেশ ফলিত পুষ্টি ও মানব সম্পদ উন্নয়ন বোর্ড (বাফমাউব) জনগণের পুষ্টির অবস্হা উন্নয়ন ও জনস্বাস্হ্যের উন্নতি সাধনের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে, যা রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে স্বীকৃত হয়েছে। সে লক্ষ্যে প্রতিষ্ঠানটি জাতীয় কৃষি গবেষণা সিস্টেম এর অনুকরণে কাজ করছে। দেশে খাদ্য ও পুষ্টি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনস্বাস্হ্যের উন্নয়ন তথা প্রয়োজনীয় সুষম খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের উদ্দেশ্যে কৃষি সেক্টরে খাদ্যভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে সরকার রেজুলিউশনের মাধ্যমে (কৃষি-৪/বারটান-১/ ২০০০/ ৫৬৩, তারিখ ৩০ ডিসেম্বর, ২০০১) এবং ১০ জানুয়ারী, ২০০২ ইং বাংলাদেশ গেজেটে প্রকাশের মাধ্যমে বাফমাউব গঠন করে। উল্লেখ্য যে, দেশে এটি একমাত্র সরকারী প্রতিষ্ঠান যা দীর্ঘদিন যাবৎ খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

প্রতিষ্ঠানের লক্ষ্য

খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও মাঠ গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী, পুষ্টিহীনতা দূরীকরণ, বেকার সমস্যা সমাধান ও আত্মনির্ভরশীলতার মাধ্যমে দারিদ্র বিমোচনে শক্তিশালী ভূমিকা রাখা তথা জাতীয় উন্নয়নে অবদান রাখা।

প্রতিষ্ঠানের উদ্দেশ্য

পুষ্টি সমস্যা নিরসন : খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও মাঠ গবেষণার মাধ্যমে লব্দ জ্ঞান কাজে লাগিয়ে সস্তা অথচ পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ, স্বল্প মূল্যে সুষম খাবার নির্বাচন, বয়স ও রোগ ভিত্তিক খাদ্য নির্বাচন, বিভিন্ন খাদ্যের পুষ্টিমান বিষয়ে জ্ঞান লাভের মাধ্যমে পুষ্টি সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখা তথা জাতীয় উন্নয়নে অবদান রাখা ।

দক্ষ মানব সম্পদ উন্নয়ন : খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করে মানব সম্পদ উন্নয়ন পূর্বক পুষ্টি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ।

বেকার সমস্যা সমাধান : প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ নিজেদের বসত ভিটা ও ক্ষুদ্র ক্ষুদ্র পুকুর ডোবায় যথাক্রমে পুষ্টিমান সমৃদ্ধ শাক সবজি, ফল মূল এবং দ্রুত বর্ধনশীল মাছ চাষ এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ এবং বাজারজাতকরণের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন ও বেকার সমস্যা সমাধানে উল্লেখযোগ্য অবদান রাখা।

উদ্যোক্তা সৃজন : পুষ্টি উন্নয়ন ও দারিদ্র বিমোচনে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচী বাস-বায়নের মাধ্যমে পারিবারিক, ক্ষুদ্র ও মাঝারী শিল্প গড়ে তুলে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা সৃজন করা।


প্রতিষ্ঠানের কার্যক্রম

  • ফলিত পুষ্টি সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন (R & D) কার্যক্রম প্রণয়ন, বাস্তবায়ন, সমন্বয়, পরিবীক্ষণ ও পর্যবেক্ষণ;

  • সরকারী ও বেসরকারী সংস্হার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, কিষান-কিষানী ও অন্যান্যদেরকে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান;

  • বিভিন্ন মন্ত্রণালয়, সরকারী ও বেসরকারী সংস্হাসমূহের কর্মকর্তাদেরকে খাদ্য ও পুষ্টি সংক্রান- নীতিমালাসমূহ সম্পর্কে সচেতন করা;

  • ফুড চেইনে ব্যবহৃত রাসায়নিক ও আর্সেনিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে গবেষণা এবং ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি করা;

  • খাদ্য ও পুষ্টি সংক্রান্ত নীতিমালার আওতায় সরকারী ও উন্নয়ন সহযোগী সংস্হার অর্থায়নে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন এবং এ বিষয়ে অন্যান্য প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান;

  • উন্নয়ন কার্যক্রমে ফলিত পুষ্টি বিষয়টি অন্তর্ভূক্ত করা;

  • গণমাধ্যমসহ কৃষি মেলা, বিশ্ব খাদ্য দিবস, পুষ্টি সপ্তাহ ইত্যাদি উদযাপনের মাধ্যমে খাদ্য সামগ্রীর পুষ্টি গুনাগুন, পুষ্টি অপচয় হ্রাস পদ্ধতি, শিশুর বাড়তি খাবার,
    গর্ভকালীন ও প্রসূতি সময়ে প্রয়োজনীয় খাদ্য, বিশেষ রোগে আক্রান্ত রোগীদের খাদ্য বিষয়ে জনগনের সচেতনতা বৃদ্ধিকরণ;

  • অধিক পুষ্টিমান সম্পন্ন খাদ্যশস্য উদ্ভাবনে গবেষনা প্রতিষ্ঠানের সাথে যৌথ কার্যক্রম গ্রহণ;

  • বিভিন্ন শিক্ষাস্তরের কারিকুলামে ফলিত পুষ্টি বিষয়ক পাঠসমূহ যথাযথ অন্তর্ভূক্ত/ হালনাগাদকরণ, পাঠ প্রণয়ন এবং প্রণয়নে সহায়তা প্রদান;


  • প্রাকৃতিক কিংবা অন্য যে কোন কারণে অপুষ্টিজনিত সমস্যা দেখা দিলে আপদকালীন ব্যবস্হা বিষয়ে সুপারিশমালা প্রণয়ন;

  • পুষ্টি বিষয়ে সফ্‌টওয়ার তৈরী ও সরবরাহের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্হা সমূহের কার্যক্রম জোরদারকরণে সহায়তা প্রদান;

  • ফাংশনাল ফুড ও মেডিসিনাল প্লান্ট বিষয়ে গবেষণা পরিচালনা এবং সচেতনতা সৃষ্টি;

  • পুষ্টি অবস্হার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরূপন এবং এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সহায়তা প্রদান;

  • পরিবার পর্যায়ে কৃষিজাত পণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ বিষয়ে প্রযুক্তি উদ্ভাবন ও হালনাগাদকরণে পদক্ষেপ গ্রহণ;

  • বিভিন্ন ঋতু এবং অঞ্চল ভেদে ফুড ইনসিকিউরিটি ভালনারেবিলিটি ইনফরমেশন এ্যান্ড ম্যাপিং সিস্টেম প্রণয়ন;